রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুই প্রকৌশলী বরখাস্ত
2026-03-24 - 06:11
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে ওই রাস্তাটি পরিদর্শনে এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। বরখাস্ত হওয়া দুজন হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন ও রশিদ এবং কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কাশিমপুর নামাবাজার থেকে ধনঞ্জয়খালি প্রাইমারি স্কুল হয়ে গাজীপুর সিটি করপোরেশনের সীমানায় বিল্লালের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মাণকালে সম্প্রতি মাটির নিচে কয়েক ফুট গর্ত হয়ে দেবে যায়। রাস্তাটি বাস্তবায়ন করছিল গাজীপুর সিটি করপোরেশন। তিনি জানান, রাস্তাটি ভেঙে যাওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রচার হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি মন্ত্রণালয়ের নোটিশে আনেন। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসানসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি এর আগে দুদিন তদন্ত করা হয়েছে। তদন্তকারীরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে যে তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছেন, তাতে রাস্তটিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। মো. আমিনুল ইসলাম/এসআর/এএসএম