ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি ও সম্পাদক লিটন
2026-03-17 - 13:11
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের ঢাবি প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সমিতির কার্যালয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ২টা ৫০ মিনিটে শেষ হয়। এরপর ভোট গণনা শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া। নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৩১ জন সরাসরি ভোট দেন এবং ১০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সভাপতি পদে মানজুর হোছাঈন মাহি ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম পান ২৪ ভোট। অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি মাহাথির মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর) ও অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ)। ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ডুজা সবসময় গণতান্ত্রিক ধারাকে গুরুত্ব দেয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এফএআর/এমকেআর