TheBangladeshTime

সবজির দাম কিছুটা কমেছে

2026-03-24 - 07:20

দুই দিন আগেও যেসব সবজি কেজিতে ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছিল না, সেসব সবজির দাম এখন কিছুটা কমতির দিকে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট, শাহজাহানপুর, খিলগাঁও ও বাসাবো এলাকার বিভিন্ন কাঁচাবাজার ও ভ্রাম্যমাণ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দুই দিন আগেও ৬০ টাকা কেজি দরের শসা এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ৮০ টাকা কেজির টমেটো নেমে এসেছে ৪০ টাকায়। ১২০ টাকা কেজির কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দেশি শিম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া বেগুনের দাম ৮০ টাকা কেজি, পটল, করলা ও বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আগে ৮০ টাকা কেজির গাজর এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ধুন্দল, ঝিঙ্গা ও চিচিঙ্গা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। অন্যদিকে কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। জালি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ ৬০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে। বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। ১৬০ টাকা থেকে ১৭০ টাকা কেজি দরের সজনা ডাটার দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে সজনা ডাটা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। শাহজাহানপুর কাঁচাবাজারের বিক্রেতা বোরহান বলেন, পাইকারি বাজারে সবজির সরবরাহ এখন স্বাভাবিক। পাইকারি বাজারে দাম কম থাকায় খুচরা বাজারেও দাম কিছুটা কমেছে। তবে সরবরাহ কমে গেলে আবারও দাম বাড়তে পারে। সবজির দাম কিছুটা কমায় খুশি ক্রেতারাও। আসমা আক্তার নামে এক ক্রেতা বলেন, বাজারে সবজির দাম কম থাকলে মানুষ বিভিন্ন ধরনের সবজি কিনতে পারে। এখন দাম কিছুটা কমেছে, এতে ভালো লাগছে। তবে দাম আরও কম হলে সাধারণ মানুষের জন্য ভালো হতো। সামগ্রিকভাবে, সরবরাহ বাড়ার কারণে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা। ইএআর/জেএইচ

Share this post: