TheBangladeshTime

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা জব্দ

2026-02-26 - 11:33

হবিগঞ্জের মাধবপুরে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বুধবার দিবাগত রাতে অভিযান চালায়। শেষ রাতের দিকে (বৃহস্পতিবার) সন্দেহজনক একটি ট্রাক থামাতে বললে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে সাজানো জিরার বস্তার স্তূপ পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়। এছাড়াও বৃহস্পতিবার ভোরে অপর একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে একই কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিপুল পরিমাণ বস্তার বস্তার জিরা পাওয়া যায়। হবিগঞ্জ ৫৫ বিজিবির কমান্ডার লে. কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে আনা এ ভারতীয় জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম

Share this post: