TheBangladeshTime

‘কলসবন্ধন’ করে সুপেয় পানির দাবি জানালেন উপকূলবাসী

2026-03-23 - 03:30

বিশ্ব পানি দিবস উপলক্ষে সুপেয় পানির দাবিতে ‘পানি ও লিঙ্গ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ব্যতিক্রমী ‘কলসবন্ধন’ করেছেন উপকূলের মানুষ। খালি কলস হাতে নদীর তীরে দাঁড়িয়ে তারা তুলে ধরেন দীর্ঘদিনের পানিসংকটের চিত্র। রোববার (২২ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এ আয়োজন করে। কর্মসূচিতে স্থানীয় নারী ও যুবকরা খালি কলস নিয়ে নদীর তীরে সারিবদ্ধভাবে অবস্থান নেন। এসময় অংশগ্রহণকারীরা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকরণ বন্ধ করো’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে’- এমন নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি প্রকাশ করেন। কর্মসূচিতে শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, চারদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। নদীভাঙন ও লবণাক্ততার কারণে মিষ্টি পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা। সংগঠনের ডেপুটি সমন্বয়কারী আবিদ হোসেন বলেন, উপকূলবাসীর জন্য নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। স্থানীয় বাসিন্দা অর্পিতা মণ্ডল বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করে আমাদের জানমালের নিরাপত্তা দিতে হবে। গৃহিণী জাহানারা বেগম জানান, শুকনো মৌসুম শুরু হতেই পানির সংকট দেখা দেয়। দূর-দূরান্ত থেকে পানি আনতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়। আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম

Share this post: