রাতে মেয়েদের মেসেজ দেন—‘প্লিজ, একটু কথা বলো না’
2026-03-18 - 14:40
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন বর্ষের ছাত্রীদের ডিজিটাল মাধ্যমে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. শাহ ফাসিউল্লাহ অপুর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সুবাদে বিভিন্নভাবে ছাত্রীদের মোবাইল নম্বর সংগ্রহ করতেন। পরে রাতসহ বিভিন্ন সময় তাদের বার্তা পাঠিয়ে ও ফোন দিয়ে বিরক্ত করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তারা মানসিক চাপ কমানো ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে যেতেন। সেখানে শাহ ফাসিউল্লাহ অপু তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে জোর করে বন্ধুত্ব করতে চাইতেন এবং বিভিন্ন ধরনের বার্তা পাঠাতেন। বার্তার উত্তর না দিলে তিনি বারবার ফোন দিয়ে বিরক্ত করতেন। এতে তারা মানসিক চাপে রয়েছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. শাহ ফাসিউল্লাহ অপুর ভাষ্য, হ্যাকাররা ডিজিটাল মাধ্যম হ্যাক করে এসব বার্তা পাঠিয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে ছাত্রীদের কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করার স্ক্রিনশটে দেখা যায়, অভিযুক্ত কর্মকর্তা বিভিন্ন সময়ে লিখেছেন—‘প্লিজ, একটু কথা বলো না’, ‘প্লিজ উত্তর দাও’, ‘উত্তর দাও না কেন’ ইত্যাদি। উত্তর না পেয়ে ফোন দিয়েও বিরক্ত করতেন। এমনকি একটি বার্তায় তিনি প্রস্তাব দেন—‘চল আমরা বন্ধু হই। আমার দ্বারা তোমার ও তোমার পরিবারের উপকার ছাড়া কিছু হবে না। তুমি আমার সঙ্গে নির্দ্বিধায় কথা শেয়ার করতে পার। তোমার আর আমার মাঝে যা হবে, তা অন্য কেউ জানতে পারবে না। বিশ্বাস করো।’ অভিযোগের বিষয়ে মো. শাহ ফাসিউল্লাহ অপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো অনেক পুরাতন বার্তা। হ্যাকাররা আমার ডিজিটাল মাধ্যমগুলো হ্যাক করে এসব বার্তা অন্যদের পাঠিয়েছে। আমি কখনো এসব বার্তা পাঠাইনি।’ আইডি হ্যাক হওয়া নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আবদুল আলীম জাগো নিউজকে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে এর সত্যতা যাচাই করা হয়নি। ঘটনাটি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলবো।’ কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম