TheBangladeshTime

চট্টগ্রামে ছাত্রদল নেতা সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতার

2026-02-02 - 15:06

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ছাত্রদল নেতা মো. সোহেল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েছকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কায়েছ পটিয়া উপজেলা কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার ইউসুফ সওদাগরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার এএসআই মো. মিজান। মো. কায়েছ ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে পটিয়ার কাশিয়াইশ ইউপি নির্বাচনে বিএনপির হয়ে অংশ নেন। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২২ সালের ২২ এপ্রিল পটিয়া উপজেলার বুধপুরা বাজার এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ সোহেলকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মো. কায়েছকে প্রধান আসামি এবং মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খান, মোহাম্মদ আজগর ও কায়সার উদ্দিন জনিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত সোহেল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগ্নে। বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার সোহেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেফতার করেছে। যেহেতু মামলাটি পটিয়া থানায়, সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এমডিআইএইচ/বিএ

Share this post: