‘ঈশ্বরের পরিকল্পনার অংশ’ হিসেবে যুদ্ধে পাঠানো হচ্ছে মার্কিন সেনাদের
2026-03-05 - 09:14
ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ’ হিসেবে মার্কিন সেনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। এমন অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে। পর্যবেক্ষক সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশনের (এমআরএফএফ) কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, মার্কিন সামরিক কমান্ডাররা সেনাদের কাছে ইরান যুদ্ধে অংশগ্রহণকে ন্যায্যতা দিতে বাইবেলের ‘শেষ সময়’ বা ‘এন্ড টাইমস’ সম্পর্কিত উগ্র খ্রিস্টান বক্তব্য ব্যবহার করছেন। মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ) জানিয়েছে, তারা সশস্ত্র বাহিনীর সব শাখা- মেরিন, বিমান বাহিনী ও স্পেস ফোর্সসহ বিভিন্ন ইউনিটের সদস্যদের কাছ থেকে ২০০টিরও বেশি অভিযোগ পেয়েছে। অভিযোগকারীদের একজন হলেন এমন একটি ইউনিটের নন-কমিশন্ড অফিসার (এনসিও), যাকে যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে মোতায়েন করা হতে পারে। তিনি এমআরএফএফের কাছে অভিযোগ করেন, তার কমান্ডার তাকে সৈন্যদের এই বলতে উৎসাহ দিয়েছেন যে এই যুদ্ধ ‘ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনারই অংশ’। গার্ডিয়ান যে অভিযোগপত্রটি দেখেছে, তাতে ওই এনসিও লিখেছেন, তার কমান্ডার বিশেষভাবে বাইবেলের ‘বুক অব রেভেলেশন’ থেকে বহু উদ্ধৃতি উল্লেখ করেছেন, যেখানে আর্মাগেডন ও যিশু খ্রিস্টের আসন্ন প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে। এনসিও আরও বলেন, কমান্ডার তাদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যিশু অভিষিক্ত করেছেন, যাতে তিনি ইরানে সংকেত আগুন জ্বালিয়ে আর্মাগেডন ঘটান ও পৃথিবীতে তার প্রত্যাবর্তনের সূচনা করেন। এই এনসিওর অভিযোগটি মোট ১৫ জন সৈন্যের পক্ষ থেকে করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন খ্রিস্টান, একজন মুসলিম ও একজন ইহুদি সদস্য রয়েছেন। এই অভিযোগটি প্রথমে এমআরএফএফ স্বাধীন সাংবাদিক জোনাথন লারসেনের সঙ্গে শেয়ার করে। এ বিষয়ে এমআরএফএফের সভাপতি ও বিমান বাহিনীর সাবেক সদস্য মাইকি ওয়াইনস্টিন গার্ডিয়ানকে বলেন, যখনই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে জড়িত হয়, তখনই আমরা এমন বিষয় দেখি, যেখানে খ্রিস্টান জাতীয়তাবাদীরা আমাদের সরকার ও বিশেষ করে মার্কিন সামরিক বাহিনীতে প্রভাব বিস্তার করেছে। এক বিবৃতিতে ওয়াইনস্টিন বলেন, এসব অভিযোগ থেকে বোঝা যায় যে মার্কিন সামরিক বাহিনীর মধ্যে খ্রিস্টান উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, অভিযোগকারীরা জানিয়েছেন যে তাদের কমান্ডারদের মধ্যে ‘অবাধ উচ্ছ্বাস’ দেখা যাচ্ছে, কারণ তারা এই যুদ্ধকে ‘বাইবেলসমর্থিত যুদ্ধ’ হিসেবে দেখছেন ও এটিকে মৌলবাদী খ্রিস্টানদের তথাকথিত ‘এন্ড টাইমসের’ দ্রুত আগমনের স্পষ্ট লক্ষণ হিসেবে বিবেচনা করছেন। সূত্র: দ্য গার্ডিয়ান এসএএইচ