TheBangladeshTime

জ্বালানি তেল পাচার রোধে উপকূলে কোস্টগার্ডের নজরদারি জোরদার

2026-03-07 - 12:03

মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ২৪/৭ টহল কার্যক্রম পরিচালনা করছে। শনিবার (৭ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট কেন্দ্র করে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচারের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী উপকূলীয় এলাকা ও নদীপথে চোরাচালান প্রতিরোধে এরই মধ্যে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচার করতে না পারে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার স্বার্থে যে কোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকার সাধারণ জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অবহিত করার জন্য অনুরোধ করা হলো। টিটি/এমআইএইচএস

Share this post: