বলিউডে সুযোগের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব, যা জানালেন রণবীর
2026-03-27 - 15:31
বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ শোনা যায়। সাধারণত নারী অভিনেত্রীরাই এ ধরনের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তবে এবার সেই তালিকায় যুক্ত হলেন রণবীর সিং। বর্তমানে বলিউডের শীর্ষ তারকাদের একজন তিনি। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে বহিরাগত হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা মোটেও সহজ ছিল না। সেই সময়ই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এই অভিনেতাকে। এক সাক্ষাৎকারে রণবীর জানান, কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, যিনি তাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ওই ব্যক্তি তাকে বলেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে চালাক-চতুর হওয়ার পাশাপাশি ‘যৌন আবেদন’ থাকা জরুরি। এরপর পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে বলে দাবি করেন রণবীর। তার অভিযোগ, ওই ব্যক্তি তার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং আপত্তিকর প্রস্তাব দেন। তবে বিষয়টি বুঝতে পেরে সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। অভিনেতার ভাষ্য, “সেই সময় মাথায় অনেক কিছু চলছিল। মনে হচ্ছিল রাগে বিস্ফোরিত হব, এমনকি তাকে আঘাত করতেও পারি। কিন্তু নিজেকে সামলে নিয়েছিলাম।” ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম প্রকাশ না করলেও, রণবীর দাবি করেন-এ ধরনের অভিজ্ঞতার শিকার আরও অনেকেই হয়েছেন। আরও পড়ুন: ‘ধুরন্ধর ২’ ঘিরে নতুন বিতর্ক আবারও কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন মালাইকা? ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, “এসব সত্যিই ঘটে। আমার নিজেরও এমন অভিজ্ঞতা রয়েছে।” সব মিলিয়ে, বলিউডে সুযোগ পাওয়ার লড়াইয়ের পেছনে যে অন্ধকার দিকও রয়েছে, রণবীর সিংয়ের এই অভিজ্ঞতা আবারও সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এলো। এমএমএফ