TheBangladeshTime

ঈদের চতুর্থ দিনেও কাটেনি ভোগান্তি, দেরিতে ছাড়ছে ট্রেন

2026-03-24 - 04:00

ঈদুল ফিতর উদযাপনের চতুর্থ দিন আজ। লম্বা ছুটি শেষ করে এরই মধ্যে বিগত কয়েকদিন রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে ঝিমিয়েপড়া নগরীর ব্যস্ততা বেড়েছে রাজধানীর রেলস্টেশন কমলাপুরে। তবে ট্রেনের ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ে ভোগান্তির কথা বলছেন ফিরতি যাত্রীরা। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা এসব কথা বলেন। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোরও শিডিউল বিপর্যয় ঘটছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। জানা গেছে, ফিরতি ট্রেনের পাশাপাশি সকাল থেকে ছেড়ে যাওয়া বুড়িমারি এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই শিডিউল বিপর্যয় করে স্টেশন ছেড়ে গেছে। সৈয়দপুর থেকে কমলাপুর এসেছেন সাফা। তিনি বলেন, গাড়ি আসতে দেরি করেছে। আর অতিরিক্ত বগির জন্য ৩০ শতাংশ টাকা বেশি নিয়েছে। ভিড়ও ছিল। অন্যান্য ভোগান্তি না থাকলেও দেরিটা বিরক্তিকর ছিল। নীলসাগর এক্সপ্রেসে করে ঢাকা ফেরা জামিল ইসলাম বলেন, নীলসাগর এক্সপ্রেস ৪ ঘণ্টা দেরি করেছে। সৈয়দপুর থেকে দেড় ঘণ্টা দেরি করেছে। ৯টায় ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টায় ছেড়েছে। ঢাকায়ও দেরি করে এসেছে। কমলাপুর থেকে নেমে নরসিংদী যাওয়ার কথা ছিল জামিলের কিন্তু দেরি করে আসায় সেই ট্রেনও মিস করেছেন জানিয়ে তিনি বলেন, সময়মতো আসলে খুব সহজ হত। আমি এখন নরসিংদী যাবো কিন্তু দেরিতে আসায় সব লোকাল ট্রেন মিস করলাম। এখন আবার অন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। সাইফুল নামের এক শিক্ষার্থী বলেন, নীলসাগর এক্সপ্রেসে সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও ৮টায়ও কমলাপুর স্টেশনে এখনো আসেনি। অনেকেই স্টেশনে এসে অপেক্ষায় আছেন। ঢাকার কেরানীগঞ্জে সেলুনে কাজ করেন রতন শর্মা, যাবেন সৈয়দপুর। দেড় ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন। তিনি বলেন, নীলসাগর এক্সপ্রেস সাড়ে ৬টার দিকে ছাড়ার কথা থাকলেও ট্রেনের দেখা নেই। এখন আবার নতুন করে ৮টা ২০ মিনিটে সময় দিয়েছে। এই সময়েও আসবে বলে মনে হয় না। এদিকে কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, সকাল থেকে তিনটি ট্রেনই দেরিতে ছেড়ে গেছে। ট্রেনগুলো হলো ধূমকেতু এক্সপ্রেস ৫ মিনিট দেরিতে ৭টা ৪০, পর্যটক এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ৭টা ৪ মিনিট, পারাবত এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ৭টা ২০ ছেড়ে যায়। কেআর/এমআরএম

Share this post: