TheBangladeshTime

কৃত্রিম বুদ্ধিমত্তাকে শক্তিশালী করতে মেটার নতুন চুক্তি

2026-03-15 - 02:45

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে আরও তথ্যসমৃদ্ধ করতে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে নতুন চুক্তি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এসব চুক্তির ফলে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী বিশ্বজুড়ে ঘটনার বিষয়ে আরও দ্রুত ও নির্ভুল তথ্য তুলে ধরতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেটা জানিয়েছে, নতুন চুক্তির আওতায় ফ্রান্সের দৈনিক লে ফিগারো, স্পেনের গণমাধ্যম প্রতিষ্ঠান প্রিসা এবং জার্মানির সুদডয়েচে সাইটুং মেটার অংশীদার হয়েছে। এর আগে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের একাধিক সংবাদমাধ্যম পরিচালনাকারী নিউজ কর্পোরেশনের সঙ্গেও চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। মেটা এসব চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করেনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউজ কর্পোরেশনের সঙ্গে করা চুক্তির মূল্য বছরে প্রায় পাঁচ কোটি ডলার পর্যন্ত হতে পারে। মেটা এক বিবৃতিতে জানিয়েছে, এসব অংশীদারত্বের মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীর মাধ্যমে আন্তর্জাতিক খবর সম্পর্কে সহজে জানতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনেও সরাসরি প্রবেশের সুযোগ থাকবে। এতে পাঠকরা বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ওয়েবসাইটে যেতে পারবেন এবং অংশীদার প্রতিষ্ঠানগুলো নতুন পাঠকের কাছে পৌঁছাতে পারবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পরিচালনাকারী প্রতিষ্ঠানটির সঙ্গে সংবাদমাধ্যমগুলোর সম্পর্ক অতীতে বেশ ওঠানামার মধ্য দিয়ে গেছে। বিভিন্ন সময়ে সংবাদভিত্তিক সেবা চালু করে আবার বন্ধও করেছে মেটা। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে আবারও সংবাদভিত্তিক তথ্যকে গুরুত্ব দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। কারণ অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী সময়োপযোগী বা নির্ভুল তথ্য দিতে ব্যর্থ হয় বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি চুক্তি করলে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী আন্তর্জাতিক ঘটনাবলির বিষয়ে আরও নির্ভুল ও হালনাগাদ তথ্য দিতে সক্ষম হবে। তবে এসব চুক্তির মাধ্যমে সংবাদমাধ্যমগুলো কতটা বাস্তব সুবিধা পাবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান ব্যবস্থার কারণে অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে পাঠক প্রবাহ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: এনগ্যাজেট আরও পড়ুন গুগল ক্রোমে জেমিনি, ৫০টির বেশি নতুন ভাষায় চ্যাটের সুবিধা হোয়াটসঅ্যাপে নাবালক সন্তানের চ্যাটে নজর চালাতে পারবেন বাবা-মা শাহজালাল/কেএসকে

Share this post: