TheBangladeshTime

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৭ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

2026-02-01 - 10:36

ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল সদৃশ সাতটি বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে আলীপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জানা যায়, অভিযানের সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের কৌটায় কসটিপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ সাতটি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো তাৎক্ষণিকভাবে নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় এবং পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে। পুলিশ জানায়, বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় দুষ্কৃতিকারীরা এটিকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো অথবা জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এসব বস্তু সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে কারা এবং কী উদ্দেশে এসব বস্তু রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে উদ্ধারকৃত বস্তুগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে এবং নিরাপদভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যে ফরিদপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কোতোয়ালি থানায় পৌঁছেছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করছে। এ সময় থানার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, প্লাস্টিকের কৌটায় কসটিপ দিয়ে মোড়ানো থাকায় এগুলো আদৌ ককটেল, হাতবোমা বা অন্য কোনো বিস্ফোরক কি না-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশে এগুলো সেখানে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

Share this post: