TheBangladeshTime

বাহরাইনে ছড়িয়ে পড়েছে ইরানপন্থি বিক্ষোভ, তুমুল সংঘর্ষ

2026-03-03 - 07:23

বাহরাইনের সিত্রা দ্বীপে ছড়িয়ে ইরানপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে। এছাড়া, জননিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। একই সময়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডের খবরে বলা হয়েছে, বাহরাইনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিত্রা দ্বীপে সংঘর্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে আটক করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জননিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে, এমন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে। Riots started in Bahrain pic.twitter.com/mDcX6HgKVC — War Monitor (@WarMonitors) March 2, 2026 মন্ত্রণালয় দাবি করেছে, আটক কয়েকজন সামাজিক মাধ্যমে ইরানের হামলার প্রতি সহানুভূতি প্রকাশ করে ভিডিও শেয়ার করেছিল। সাইবার অপরাধ দমন অধিদপ্তর জননিরাপত্তা বিপন্ন করার মতো কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, কিছু ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করেছে, যাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখানো হয়। এসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। ইরানের হামলার দাবি এদিকে আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ১৪তম ধাপে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনী ভোরে ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই ঘাঁটির প্রধান কমান্ড সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালায় এবং সেটি ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হামলার পর বাহরাইনজুড়ে সাইরেন বাজতে শোনা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সূত্র: তুর্কিয়ে টুডে কেএএ/

Share this post: