TheBangladeshTime

ঈদে বেড়াতে গিয়ে ডুবে মারা গেলো দুই ভাই

2026-03-24 - 06:21

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে পানিতে ডুবে প্রাণ গেছে দুই ভাইয়ের। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমজান বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও অপর শিশু মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদীর পূর্ব ডুমুরিয়া এলাকার দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী বলেন, হাসপাতালে আনার অনেক আগেই দুই শিশু মারা যায়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম

Share this post: