TheBangladeshTime

এবার গাইলেন নাতে রাসুল, ‘পাপ কাহিনী’র সিক্যুয়েলেও থাকছেন কুসুম

2026-03-04 - 08:54

দীর্ঘ বিরতির পর আবারও বহুমাত্রিক উপস্থিতি নিয়ে আলোচনায় অভিনেত্রী ও সংগীতশিল্পী কুসুম সিকদার। অভিনয়ে ফেরার দুই বছর পর এবার গানে চমক দিলেন তিনি। প্রকাশ পেয়েছে তার কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। এটি দিয়ে ৯ বছর পর নতুন গান নিয়ে ফিরলেন কুসুম। সবশেষ ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল তার গাওয়া ‘নেশা’। নতুন এই গানটির বিশেষত্ব শুধু কণ্ঠে নয়, নির্মাণেও। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে মিউজিক ভিডিওটি। ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ভিডিওটি প্রথম প্রচারিত হয় চ্যানেল আইয়ের পর্দায়, পরে প্রকাশ পায় ডিজিটাল প্ল্যাটফর্মে। নজরুল একাডেমি থেকে নজরুলসংগীত ও ধ্রুপদি সংগীতে প্রশিক্ষণ নেওয়া কুসুম জানান, নজরুলের গান দিয়ে ফেরাটা তার জন্য বিশেষ আনন্দের। প্রযুক্তিনির্ভর ভিডিও নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ব দ্রুত এগোচ্ছে, শিল্পও সেই গতির সঙ্গেই তাল মেলাচ্ছে। এটি ইতিবাচক দিক।’ অন্যদিকে অভিনয়েও ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’র শুটিং। এটি তার প্রথম ওটিটি কাজ। প্রেম, পরকীয়া, প্রতারণা ও প্রতিশোধের গল্পে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে। কুসুমের ভাষ্য, মাধ্যম নয় চরিত্রই তার কাছে মুখ্য। তিনি সব সময় বেছে কাজ করেন, পুনরাবৃত্তি এড়িয়ে চলেন। এবারও দর্শক নতুন কিছুই পাবেন বলে আশাবাদী এই শিল্পী। এলআইএ

Share this post: