TheBangladeshTime

ঈদে আসছে ‘রাক্ষস’, সিয়ামকে প্রশংসায় ভাসালেন ভারতের নায়িকা

2026-02-16 - 08:16

রোজার ঈদে ঢালিউডের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ‘রাক্ষস’ সিনেমায় তিনি জুটি বেঁধেছেন ঢালিউড তারকা সিয়াম আহমেদের সঙ্গে। মুক্তির আগেই আলোচনায় তাদের রসায়ন। সুস্মিতার ভাষায়, সিয়াম একজন দারুণ সহশিল্পী। পর্দায় তাদের রসায়ন দর্শক উপভোগ করবেন বলেই বিশ্বাস তার। শুধু ক্যামেরার সামনেই নয়, পর্দার বাইরেও বন্ধুত্ব গড়ে উঠেছে তাদের। তিনি বলেন, শুরু থেকেই সিয়াম তাকে সহযোগিতা করেছেন। সেজন্য কাজটা সহজ হয়ে গেছে। আরও পড়ুন ভারতজুড়ে বিতর্কের ঝড়, এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা বিয়ের আগের রাতে নার্ভাস ছিলেন স্পর্শিয়া, কৌশলে রাজি করান স্বামী গত ডিসেম্বরে ‘রাক্ষস’ ছবির শুটিং করতে বাংলাদেশে আসেন সুস্মিতা। সে সময় ওসমান হাদিকে হত্যার ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শুটিং ইউনিট তাকে নিরাপদ রাখে। তার ভাষায়, রাতারাতি একটি দেশকে বদলে যেতে দেখেছেন তিনি। যদিও পরিস্থিতির সরাসরি প্রভাব তার ওপর পড়েনি। সাবধানতার জন্য কিছুদিন শুটিং বন্ধ থাকলেও ইউনিটের আতিথেয়তা ও যত্নে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উচ্চারণগত পার্থক্যের কারণে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও দ্রুত তা কাটিয়ে ওঠেন সুস্মিতা। বাংলাদেশের পর শ্রীলঙ্কায় প্রায় এক মাস ধরে শুটিং হয়েছে ছবিটির। এখন বাকি রয়েছে মাত্র দুটি গানের দৃশ্যধারণ। এগুলো শেষ হলেই ‘রাক্ষস’ ছবির ক্যামেরা ক্লোজ হবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও অবগত সুস্মিতা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান আবার আগের মতো স্বাভাবিক ও অবাধ হোক। এটাই তার প্রত্যাশা। সব মিলিয়ে, ঈদে ‘রাক্ষস’ দিয়ে ঢালিউডে নিজের অবস্থান শক্ত করতে প্রস্তুত সুস্মিতা। এখন দেখার অপেক্ষা, পর্দায় সিয়ামের সঙ্গে সুস্মিতার জুটি দর্শককে কতটা মুগ্ধ করতে পারে। এলআইএ

Share this post: