TheBangladeshTime

বিশ্বকাপ খেলবেন কি না- এখনও সিদ্ধান্ত নেননি মেসি!

2026-03-27 - 16:01

লিওনেল মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কি না- সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮১ দিন বাকি থাকলেও মেসির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট করে বলেন, ‘এই প্রশ্নটা মেসির জন্যই। সে খেলবে কি না, সেটা একান্তই তার নিজের সিদ্ধান্ত।’ তিনি আরও যোগ করেন, মেসিকে দলে পাওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করবে মেসির মানসিক ও শারীরিক অবস্থার ওপর। ২০২২ কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হওয়া মেসি আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, তার গোলসংখ্যা ১১৫। তাই তাকে আবারও বিশ্বকাপে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা শুধু আর্জেন্টিনাতেই নয়, গোটা ফুটবল বিশ্বের মধ্যেই রয়েছে। স্কালোনি বলেন, ‘শুধু আর্জেন্টিনার মানুষই নয়, পুরো বিশ্বই তাকে খেলতে দেখতে চায়। আমিও চাই সে থাকুক; কিন্তু সে এমন একজন খেলোয়াড়, যে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার অর্জন করেছে। আমরা কোনো তাড়াহুড়া করছি না। সে যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই দলের জন্য এবং তার জন্য সেরা হবে।’ তবে আসন্ন আন্তর্জাতিক সূচিতে মেসিকে মাঠে দেখা যাবে। স্কালোনি নিশ্চিত করেছেন, ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিযার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি খেলবেন। যদিও তিনি শুরু থেকেই খেলবেন কি না, সেটি ম্যাচের আগে ঠিক করা হবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে লা বোম্বোনেরাতে, যা বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম। এর আগে ২৭ মার্চ কাতারে স্পেনের বিপক্ষে ‘ফাইনালিসিমা’ ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার, তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে। বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন ১৬ জন বিশ্বকাপজয়ী ফুটবলার। পাশাপাশি নতুন মুখ হিসেবেও সুযোগ পেয়েছেন টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির মতো তরুণরা। স্কালোনি জানিয়েছেন, চূড়ান্ত দল নির্ধারণের ক্ষেত্রে খেলোয়াড়দের বর্তমান ফর্ম, ইনজুরি পরিস্থিতি এবং ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষা অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও জর্ডানের বিপক্ষে। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন- মেসি কি শেষবারের মতো বিশ্বকাপে নামবেন? উত্তরটা আপাতত সময়ের হাতেই তুলে দিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। আইএইচএস/

Share this post: