বাংলাদেশ সিরিজ দিয়ে আগামী মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া
2026-03-22 - 09:21
দীর্ঘ দুই দশকের খরা কাটিয়ে অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ক্রিকেট সূচী ঘোষণা করেছে। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে অজিরা। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররাআ। বাংলাদেশ সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ এবং ভারতের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে প্যাট কামিন্সের দল। ডিসেম্বর থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত মাত্র ১৪ সপ্তাহে ১০টি টেস্ট খেলার যে ধকল, তা সামলাতে বাংলাদেশ সিরিজ থেকেই বোলারদের রোটেশন পলিসিতে যেতে পারে অস্ট্রেলিয়া। স্টার্ক, হেজেলউড এবং লায়নের মতো অভিজ্ঞদের পাশাপাশি ঝাই রিচার্ডসন বা ল্যান্স মরিসের মতো তরুণ তুর্কিদের বাংলাদেশের বিপক্ষে পরখ করে নিতে পারে অজি নির্বাচকরা। সাধারণত আগস্ট মাসে অস্ট্রেলিয়ার মূল ক্রিকেট মৌসুম শুরু না হলেও উত্তরাঞ্চলের আবহাওয়া বিবেচনা করে এই সময়টি নির্ধারণ করা হয়েছে। এরপরই অস্ট্রেলিয়াকে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১৫০তম বর্ষপূর্তি টেস্ট। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে এবং অজি কন্ডিশনে নিজেদের সামর্থ্য জানান দিতে এই আগস্ট সিরিজটি শান্ত-লিটনদের জন্য হবে অ্যাসিড টেস্ট। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। এরপর কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাইয়ে এটাই হবে প্রথম টেস্ট ম্যাচ এবং গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। আর ২২ বছর পর ডারউইনে ফিরবে টেস্ট ম্যাচ। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এ শহরে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেবার মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এসকেডি/এএসএম