‘ভেবেছিলাম ঈদের আগের দিন ভালো বিক্রি হবে, বৃষ্টির কারণে মনটা খারাপ’
2026-03-20 - 13:50
ঈদের আগের দিন—যে সময়টায় রাজধানীর মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় থাকে, সেই পরিচিত চিত্র এবার দেখা গেল না। বৃষ্টিভেজা আবহাওয়ায় ঢাকার কাকরাইল এলাকার কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটে ছিল নিস্তব্ধতা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। মার্কেটের প্রবেশদ্বারে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা জানান, সকাল থেকেই ক্রেতা নেই বললেই চলে। বৃষ্টির কারণে সারাদিনে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। দ্বিতীয় তলার ‘সুবর্ণার শাড়ি’ দোকানের বিক্রেতা মো. নাজিম উদ্দিন বলেন, প্রতিবছর ঈদের আগের দিন প্রচুর ভিড় থাকে। কিন্তু আজ সকাল থেকে বৃষ্টির কারণে কোনো বিক্রি নেই। তার ভাষায়, বেশির ভাগ বিক্রেতাই সময় কাটাচ্ছেন অলস বসে। একই চিত্র ‘রুমানা জামদানি হাউসে’। দোকানটির বিক্রেতা নাসির বলেন, কাস্টমার নেই, বিক্রি নেই। তবে এই নিরুত্তাপ পরিস্থিতিতেও রসিকতা করেছেন ‘স্মৃতিময় ভ্যারাইটি কর্নার’-এর বিক্রেতা মোর্শেদ আলম। তিনি হেসে বলেন, আলহামদুলিল্লাহ, বিক্রি ভালো—সকাল থেকে ভালো ঘুম দিয়েছি। মাঝে মধ্যে দু-একজন কাস্টমার আসেন। ‘ভিভানূর’ দোকানের বিক্রেতা নাসির বলেন, ভেবেছিলাম ঈদের আগের দিন ভালো বিক্রি হবে। কিন্তু তা হলো না। বৃষ্টির কারণে মনটা খারাপ হয়ে আছে। মার্কেটের আশপাশেও একই চিত্র। এলাকার অনেক দোকানপাট বন্ধ। পাশের ‘বিগবাজার’ সুপারশপে অবশ্য অল্প কিছু ক্রেতাকে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে। তবে একটি জুতার শোরুমে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে কয়েকজন ক্রেতার উপস্থিতি ছিল। তাদের একজন দেলোয়ার হোসেন বাদল, যিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন। তিনি বলেন, আমরা ঢাকার স্থায়ী বাসিন্দা। ঢাকাই আমাদের গ্রাম। তাই বাইরে যাওয়ার সুযোগ নেই। প্রতিবছর ঈদের আগের দিনই কেনাকাটা করি। এই সময়টাতেই ঢাকাকে নিজের মনে হয়। সারাবছর তো বাইরে থেকে আসা মানুষের ভিড়ে শহরটা ক্লান্ত থাকে। শোরুমটির ব্যবস্থাপক কাজী জহিরুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে এবার ক্রেতা নেই। অন্য বছর ঈদের আগের দিনে ভালো বেচাকেনা হয়, কিন্তু এবার সেই চিত্র নেই। কেএইচ/এমআইএইচএস