TheBangladeshTime

আফ্রিকান মাগুর নিধনের বদলে জরিমানা করে ছেড়ে দিলো প্রশাসন

2026-03-03 - 10:34

সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের দফারফায় ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দের পর তা নিধনের বদলে জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) কলারোয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান রেজা নেতৃত্বে একটি দল কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের সামনে অভিযান চালায়। জানা গেছে, অভিযানে ১ ট্রাক ভর্তি নিষিদ্ধ মাছসহ এক প্রভাবশালী ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাছ ও ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, জব্দকৃত মাছগুলো নিধনের সরকারি নির্দেশনা থাকলেও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেগুলো নিধনের বদলে বাজারে বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে মাছ নিধনের মৌখিক নির্দেশ দেন। তবে সেটি বাস্তবে কার্যকর হয়নি। অভিযোগ উঠেছে, প্রায় ১০ লাখ টাকা বাজার মূল্যের এই মাছগুলো কতিপয় অসাধু ব্যক্তির মধ্যস্থতায় ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে দফারফা করে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ওই মাছগুলো ঢাকাতে চড়া দামে বিক্রি করা হয়। এই ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান রেজা জানান, আমার কাজ ছিল অভিযান চালানো এবং অপরাধীকে হাজির করা। মাছ নিধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছ জব্দ ও জরিমানা করেছেন। তবে তিনি জব্দকৃত মাছ নিধনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার বলেন, মৎস্য কর্মকর্তা মাছসহ ট্রাকটি উপজেলায় নিয়ে আসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ নিধনের আদেশ দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে মাছ কোথায় বা কীভাবে নষ্ট করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বিষয়টি নিয়ে বলেন, মাছ ও ট্রাক জব্দ করার পর তা ছেড়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। এই ঘটনায় প্রশাসনের কোনো কর্মকর্তা বা মধ্যস্থ ব্যক্তি যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে। আহসানুর রহমান রাজীব/এনএইচআর/এএসএম

Share this post: