ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়, বিদায় ম্যানসিটির
2026-03-18 - 02:50
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় এক লড়াইয়ের পর বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলের জয়ে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় পায় ইউরোপের রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন দলটি। ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় সিটি। ২২ মিনিটে হ্যান্ডবলের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক বার্নার্দো সিলভা। সেই পেনাল্টি থেকেই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, যা রিয়ালকে বড় ব্যবধানে এগিয়ে দেয়। ১০ জন নিয়ে খেলেও দারুণ লড়াই চালিয়ে যায় পেপ গার্দিওলার দল। পুরো ম্যাচে ২২টি শট নেয় সিটি, তবে গোলের দেখা পায় মাত্র একবার। ৪১ মিনিটে গোলটি করেন আরলিং হালান্ড। ম্যাচের নায়ক ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে প্রথম গোল করার পর ইনজুরি টাইমে কাছ থেকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন তিনি। যদিও মাঝেমধ্যে কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন, তবুও শেষ পর্যন্ত তিনিই ম্যাচের পার্থক্য গড়ে দেন। এই ম্যাচ দিয়ে প্রায় এক মাস পর চোট কাটিয়ে মাঠে ফেরেন কিলিয়ান এমবাপে। গত পাঁচ মৌসুমে চতুর্থবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যানসিটি। বিশেষ করে প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ ব্যবধানে হারের ফলই শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায়। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা আটালান্টা। প্রথম লেগে ৬-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বায়ার্ন। এমএমআর