TheBangladeshTime

স্থগিত হওয়া সেই নাটক আবার মঞ্চে ফিরছে

2026-03-28 - 10:41

দীর্ঘ ছয় বছর বিরতির পর আবার মঞ্চে আসছে নাট্যদল আপস্টেজের আলোচিত প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। সর্বশেষ ২০২০ সালে মঞ্চায়নের পর এবার নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হচ্ছে নাটকটি। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ১, ২ ও ৩ এপ্রিল তিন দিনে মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১ ও ২ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং ৩ এপ্রিল বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটি উপভোগ করা যাবে। নাটকটি নির্মিত হয়েছে বুদ্ধদেব বসুর আলোচিত উপন্যাস ‘রাত ভ’রে বৃষ্টি’ অবলম্বনে। ১৯৬৭ সালে প্রকাশিত এই উপন্যাসটি একসময় অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ নাটকের মঞ্চরূপ ও নির্দেশনায় রয়েছেন সাইফ সুমন। নাটকে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার এবং রঞ্জন দে সাথী। নির্দেশক সাইফ সুমনের ভাষ্য অনুযায়ী, নাটকটির গল্প মূলত মধ্যবিত্ত সমাজের দাম্পত্য সম্পর্কের জটিলতা, মানসিক টানাপোড়েন ও অব্যক্ত অনুভূতির প্রকাশ। তিনটি চরিত্রের ভেতর দিয়ে উঠে এসেছে ভালোবাসা, সন্দেহ, বিশ্বাস-অবিশ্বাসের সূক্ষ্ম দ্বন্দ্ব। তিনি জানান, আগের প্রযোজনার তুলনায় এবারের মঞ্চায়নে সেট, কস্টিউম, অভিনয় ও ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। পাশাপাশি বুদ্ধদেব বসুর ভাষার সৌন্দর্য ও অভিনয়ের গভীরতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৪ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটির সর্বশেষ প্রদর্শনী হয়েছিল। একই বছরের ২৪ মার্চ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। এলআইএ

Share this post: