TheBangladeshTime

জনগণের মুখোমুখি চাঁদপুরের পাঁচ প্রার্থী

2026-02-01 - 15:56

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির আয়োজনে বাবুরহাট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ, গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটাররা নাগরিক হিসেবে নিজেদের প্রত্যাশা ও নানা প্রশ্ন প্রার্থীদের সামনে তুলে ধরেন। জনগণের প্রশ্নের জবাবে প্রার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনি অঙ্গীকারের কথা জানান। প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে চাঁদপুরকে কীভাবে উন্নত ও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন তারা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজনের সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সুজন জেলা কমিটির সহ-সভাপতি আলম পলাশ। শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

Share this post: