TheBangladeshTime

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

2026-03-24 - 03:01

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএনপি নেতা দবির উদ্দিন ও তার লোকজন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা-মাকে মারধর করেন। এর প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী। এতে ক্ষিপ্ত হয়ে দবির উদ্দিনের লোকজন ফরমান আলীকেও মারধর করেন। পরে এর জের ধরে রাতে ফরমান আলী ও দবির উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ রয়েছে। আসিফ ইকবাল/এসআর/এএসএম

Share this post: