TheBangladeshTime

ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

2026-03-15 - 07:14

লি‌বিয়ার ত্রিপলী সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালক (ত্রিপলী মেট্রোপলিটন পুলিশের প্রধান) মেজর জেনারেল খলিল ওয়াহিবার সঙ্গে বৈঠক করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। সম্প্রতি হওয়া এই বৈঠক নিয়ে লি‌বিয়ার স্থানীয় সময় শ‌নিবার (১৪ মার্চ) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হওয়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে ভুক্তভোগীদের উদ্ধারে নেওয়া পদক্ষেপের জন্য রাষ্ট্রদূত মহাপরিচালককে ধন্যবাদ জানান। এ পরিপ্রেক্ষিতে ত্রিপলী সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালক জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে। পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত উদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আরও পড়ুন আওয়ামী লীগ শাসনামলের ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর এছাড়া ভুক্তভোগী বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত দুষ্কৃতকারী বাংলাদেশিদের শনাক্ত ও আটক করে আইনের আওতায় আনার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে তথ্যের আদান-প্রদান, দোভাষী সহায়তা প্রদান এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের বিষয়ে একমত হন। এছাড়া লিবিয়ায় নিয়মিতভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় পুলিশ রিপোর্টসহ বিভিন্ন ডকুমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সার্বিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। জেপিআই/কেএসআর

Share this post: