TheBangladeshTime

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী-মন্ত্রিপরিষদের সদস্যরা

2026-02-18 - 04:03

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। রয়েছে কড়া নিরাপত্তা। জানা গেছে, সকাল ১০টায় ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। এদিকে, সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সকাল ১০টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে সৌধ এলাকাসহ আশপাশের এলাকায়ও থাকছে গোয়েন্দা নজরদারি। গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করবেন। এসময় তিন বাহিনীর পক্ষ আগতদের দেওয়া হবে গার্ড অফ অনার। মাহফুজুর রহমান নিপু/এনএইচআর

Share this post: