TheBangladeshTime

আয়ারল্যান্ড টি-২০ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন স্টার্লিং

2026-03-20 - 05:40

আয়ারল্যান্ড ক্রিকেটে বড় পরিবর্তনের সূচনা হলো। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পল স্টার্লিং। তবে তিনি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দলে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাবেন। ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরই এই সিদ্ধান্ত নেন স্টার্লিং। পুরো টুর্নামেন্টে আয়ারল্যান্ডের পারফরম্যান্স ছিল হতাশাজনক-গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলকে। স্টার্লিং নিজেও ইনজুরির শিকার হন; দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান এবং পরে আর খেলতে পারেননি। এর আগে ২০২৪ সালের আসরেও আয়ারল্যান্ড কোনো ম্যাচ জিততে পারেনি। ফলে টানা দুই বিশ্বকাপ ব্যর্থতা অধিনায়কত্ব ছাড়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালে অ্যান্ডি বালবির্নির কাছ থেকে পূর্ণকালীন অধিনায়কত্ব নেওয়ার পর স্টার্লিং মোট ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন। তবে এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট আয়ারল্যান্ড। সম্ভাব্য নেতৃত্বের দৌড়ে আছেন উইকেটরক্ষক-ব্যাটার লরকান টাকার, যিনি বিশ্বকাপের শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন। এছাড়া হ্যারি ট্যাক্টরের নামও আলোচনায় রয়েছে। এই পরিবর্তনের মাঝেই বড় খবর- আয়ারল্যান্ডের মাটিতে জুনে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজটি হবে নতুন অধিনায়কের জন্য প্রথম বড় পরীক্ষা। আগেই বিসিসিআই এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছিল, যা এখন নিশ্চিত হয়েছে। অধিনায়কত্ব ছাড়লেও জাতীয় দলের প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্টার্লিং। তিনি বলেন, ‘আমি এখনও খেলোয়াড় হিসেবে অনেক কিছু অর্জন করতে চাই। এই সিদ্ধান্ত আমাকে নিজের পারফরম্যান্সে আরও মনোযোগ দিতে সাহায্য করবে।’ তিনি আরও যোগ করেন, ‘দলের জন্য এটি নতুন অধ্যায়ের শুরু। নতুন অধিনায়ককে আমি পূর্ণ সমর্থন দেব।’ আয়ারল্যান্ড এখন ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দিকে নজর দিচ্ছে। পাশাপাশি আগামী গ্রীষ্মে নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। গত মৌসুমে দীর্ঘ সময় আন্তর্জাতিক ম্যাচ না থাকার বিষয়েও হতাশা প্রকাশ করেছিলেন স্টার্লিং। তার মতে, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এত দীর্ঘ সময় ম্যাচ ছাড়া থাকা হতাশাজনক।’ আইএইচএস/

Share this post: