বন বিভাগের জমি দখল করে গরুর খামার, অভিযান চালিয়ে উদ্ধার
2026-03-27 - 12:30
দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে ২.২৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। শুক্রবার ( ২৭ মার্চ) দুপুরে উপজেলার মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও মধ্য পাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন। বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেনে (৪৫) হোসেন অবৈধভাবে সংরক্ষিত বনের জমি দখল করে গরুর ফার্ম ও রাইচ মিল করে নিজের দখলে রেখেছিলেন। বন বিভাগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা ও একাধিকবার নোটিশ দেওয়া হয়। তবে এতকিছুর পরও কাজ না হওয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজকে বন বিভাগ সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২.২৪ একর জমি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম, আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, আফতাবগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম, ভাদুরিয়া বিট কর্মকর্তা এমএস নুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা আল-আমিন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই উদ্ধার অভিযান ও বনায়ন কার্যক্রম চলমান থাকবে। মো.মাহাবুর রহমান/কেএইচকে/এএসএম