রাবির নতুন উপাচার্য কে এই ড. ফরিদুল ইসলাম
2026-03-18 - 06:30
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবেও যুক্ত আছেন। ২০২২ সালে জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী সাদা দল থেকে ব্যবসা শিক্ষা অনুষদের ডিন নির্বাচিত হন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২২তম বিএনএ কোর্সে একজন জেন্টলম্যান ক্যাডেট হিসেবে গৌরবের সঙ্গে যোগদান করেন। অধ্যাপক ফরিদুল ইসলাম ১৯৮৪ সালে রাজশাহীর মাসকাটদিঘি হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর পাস করেন। ১৯৯৬ সালে তিনি রাবির মার্কেটিং বিভাগে প্রভাষক পদে যোগদান করেন ও ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। অধ্যাপক ফরিদুল ইসলাম ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি আরব-বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে দুই বছর চাকরি করেন। এছাড়া অস্ট্রেলিয়ার কার্টিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে দুই বছর শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। কার্টিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়ার সারাওয়াক ক্যাম্পাসে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগে ১৪ মাস প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছেন। গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় পর্যটন ও সেবা বিপণন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ২৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। মনির হোসেন মাহিন/এমএন/এমএস