ঈদে বরিশাল-ঢাকা রুটে স্পেশাল লঞ্চ সার্ভিস শুরু
2026-03-16 - 16:04
ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথে স্পেশাল লঞ্চ সার্ভিস শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে এ উপলক্ষে রাজধানী থেকে সাতটি বিলাসবহুল লঞ্চ বরিশালের উদ্দেশে ছেড়ে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদকে ঘিরে ডেকের ভাড়া আগের তুলনায় ৫০ টাকা বাড়িয়েছেন লঞ্চমালিকরা। যদিও তাদের দাবি, ভাড়া বাড়েনি, বরং সরকারি রেট অনুযায়ী কম নিচ্ছেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা আব্দুর রহমান ফোনে জাগো নিউজকে জানান, তিনি পরিবার নিয়ে বরিশালে রওয়ানা দিয়েছেন। যাত্রা এখন পর্যন্ত ভালো। তবে ডেকের ভাড়া নিচ্ছে ৩৫০ টাকা। যদিও গত বছরের ঈদে ৩০০ টাকায় ডেকে যাওয়া যেত বলে একাধিক যাত্রী জানান। অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, লঞ্চের ভাড়া সরকারি রেট অপেক্ষা কম রাখা হচ্ছে। ডেকের ভাড়া ৪০০ টাকার স্থলে আরও কম রাখা হচ্ছে। বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক সোলায়মান হোসেন বলেন, সোমবার রাতে ঢাকা থেকে বিশেষ সার্ভিসের সাতটি লঞ্চ বরিশালে আসছে। দরকারে আরও লঞ্চ বাড়ানো হবে। তিনি আরও বলেন, ঈদে এবারও ডেকের ভাড়া ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন এক হাজার ২০০ টাকা ও ডাবল দুই হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, সরকারি রেট অপেক্ষা কম নেওয়া হচ্ছে। এদিকে ঈদে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথে বয়া বাতি স্থাপন করা হয়েছে। নৌবন্দরের নিরাপত্তায় পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। শাওন খান/এসআর/এএসএম