যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
2026-03-18 - 07:51
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক দিনে যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় করা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ১৯ হাজার ৪৪৫ টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। সেতু বিভাগ বলছেন, ঈদের ছুটিতে রাজধানী ঢাকা থেকে নিজ গন্তব্যে ছুটতে শুরু করেছে মানুষ। এ কারণে সেতুতে দূরপাল্লার যানবাহনের চাপ ছিল। কারণ যমুনা সেতু পার হয়েই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করেন। আগামী ২৪ ঘণ্টায় গাড়ির চাপ আরও বাড়বে বলে মনে করছেন তারা। এম এ মালেক/এনএইচআর/এমএস