রাজবাড়ীতে আগুনে ২১ দোকান ভস্মীভূত, ৩ ফায়ার ফাইটার আহত
2026-03-09 - 09:54
রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের ২১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালিয়াকান্দি ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে আহত ফায়ার ফাইটার সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই দোকানগুলো পুড়ে যায়। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগলো কেউ বলতে পারছেন না। এদিকে আগুনের কারণে রাজবাড়ী টু বালিয়াকান্দি সড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপসহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা বালিয়াকান্দি ও রাজবাড়ী ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমাদের ৩ জন ফায়ার ফাইটার আহত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বহরপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ কাজ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। তবে আগুনের সুত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদারের নেতৃত্বে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রুবেলুর রহমান/কেএইচকে/এএসএম