TheBangladeshTime

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মান্নান হাওলাদার মারা গেছেন

2026-03-27 - 05:11

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান হাওলাদার (৮৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষী মো. সুজন বলেন, রাত ১১টার দিকে আব্দুর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুজন আরও বলেন, আব্দুল মান্নান হাওলাদার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ৭২৯০/এ। গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। বাবার নাম মৃত হাসান আলী হাওলাদার। আরও পড়ুন মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরের ৪ আসামির মৃত্যুদণ্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে। জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আব্দুল মান্নানসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। চার আসামি হলেন- ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার। কাজী আল-আমিন/বিএ

Share this post: