TheBangladeshTime

বিদেশে বেড়াতে গেলে মেনে চলুন এই ১০ আদবকেতা

2026-03-22 - 13:21

ঈদের ছুটিতে দেশের বাইরে বেড়াতে যান অনেকে। নিজের দেশের বাইরে গেলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। পরিবর্তন আনতে হবে আচরণে। এগুলোকে বলে ভ্রমণ শিষ্টাচার। ভ্রমণ শিষ্টাচার বলতে এমন কিছু আচরণবিধি ও রীতিনীতি বোঝায়, যা ভ্রমণের সময় একজন পর্যটকের কেমন আচরণ করা উচিত সে বিষয়ে দিকনির্দেশনা দেয়। সহজভাবে বললে, এগুলো হচ্ছে একজন ভালো পর্যটক হওয়ার নিয়ম। যদিও ভ্রমণ শিষ্টাচার সবার কাছে একরকম নাও হতে পারে। কিন্তু কিছু মৌলিক বিষয় আছে, যা প্রায় সব জায়গাতেই প্রযোজ্য। পৃথিবীর প্রতিটি গন্তব্য আলাদা হলেও নিচের নিয়মগুলো যেকোনো ভ্রমণেই কাজে লাগে। ১. ভ্রমণের আগে গন্তব্য সম্পর্কে জেনে নিন যে দেশে বা শহরে যাচ্ছেন, সেখানে যাওয়ার আগে যতটা সম্ভব তথ্য জেনে নেওয়া জরুরি। একজন জাত-পর্যটকের কাছে প্রতিটি ভ্রমণের শুরুই হয় গবেষণা দিয়ে। এমনকি হঠাৎ ভ্রমণের ক্ষেত্রেও নতুন জায়গায় যাওয়ার আগে কিছু তথ্য জেনে নেওয়া দরকার। কোনো জায়গায় যাওয়ার আগে সেই এলাকার সংস্কৃতি, ইতিহাস এবং সামাজিক রীতিনীতি সম্পর্কে জানা ভ্রমণের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। এতে ওই জায়গাটির সঙ্গে মানসিকভাবে আরও জড়িয়ে পড়া সহজ হয়। পাশাপাশি আগে থেকে তথ্য জানা থাকলে নতুন জায়গায় পৌঁছে অস্বস্তি বা বিভ্রান্তি অনেকটা কম হয়। ২. স্থানীয় আইন সম্পর্কে ধারণা রাখুন নতুন কোনো দেশে যাওয়ার আগে সেখানকার আইন-কানুন সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। সব আইন জানা সম্ভব নয়, কিন্তু আপনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। এমন কিছু কাজ আছে, যা আপনার দেশে বৈধ হলেও অন্য দেশে বেআইনি হতে পারে। তাই আগে থেকে জেনে রাখা ভালো। তাছাড়া কোথাও যদি সতর্কতামূলক কোনো সাইনবোর্ড থাকে, সেটিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোনো বিষয়ে সন্দেহ থাকলে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে জেনে নেওয়া সবচেয়ে ভালো। ৩. মনে রাখবেন, আপনি সেখানে অতিথি আপনি যেখানেই বেড়াতে যান না কেন, মনে রাখবেন, আপনি কিন্তু সেখানে একজন অতিথি। স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতিকে সম্মান করা একজন ভদ্র পর্যটকের অন্যতম গুণ। যাদের সঙ্গে আপনি দেখা করছেন বা কথা বলছেন তারা পর্যটক নয়, তারা তাদের দৈনন্দিন জীবনযাপন করছে। তাই তাদের জায়গা, সংস্কৃতি এবং জীবনধারার প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ। ৪. স্থানীয় ভাষার কিছু শব্দ শিখুন ভ্রমণের জন্য ভাষা শেখা বাধ্যতামূলক নয়। তবে স্থানীয় ভাষার কয়েকটি সাধারণ শব্দ শিখে গেলে অনেক সুবিধা হয়। যেমন, হ্যালো বিদায় অনুগ্রহ করে ধন্যবাদ মাফ করবেন দুঃখিত এর দাম কত? বাথরুম কোথায়? আমি বুঝতে পারছি না বিদেশিদের মুখে নিজেদের ভাষার শব্দ শুনলে স্থানীয়রা খুশি হয়, নিজেদের ভাষাকে গুরুত্বপূর্ণ মনে করে ও পর্যটককে আপন মনে করে সাহায্য করতে চায়। পাশাপাশি সেই দেশের প্রচলিত সম্ভাষণ পদ্ধতি, যেমন করমর্দন বা অন্য কোনো রীতি, যদি আগে থেকে জেনে নেওয়া যায়, সেটা কিন্তু বেশ কাজের। ৫. খাবার-দাবারের শিষ্টাচার জানুন স্থানীয় খাবার চেখে দেখা ভ্রমণের অন্যতম বড় আনন্দ। তাই নতুন খাবার খাওয়ার ব্যাপারে মনটা খোলা রাখুন। সব খাবার আপনার ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু স্থানীয় খাবারের প্রতি সম্মান রাখা গুরুত্বপূর্ণ। ভ্রমণের আগে খাবারের টেবিলের শিষ্টাচার সম্পর্কেও জেনে নেওয়া ভালো। কোথাও প্লেট পরিষ্কার করে খাওয়া ভদ্রতা, আবার কোথাও তা অভদ্রতা হিসেবে দেখা হয়। কোথাও টিপস দেওয়া প্রচলিত, আবার কোথাও তা অপছন্দনীয়। ৬. কোথায় দরদাম করা যায় তা বুঝুন অনেক দেশে বাজারে দরদাম করা খুবই স্বাভাবিক বিষয়। আবার কোথাও এটি অশোভন আচরণ হিসেবে দেখা হয়। তাই আগে থেকে জেনে নেওয়া ভালো যে, কোথায় দরদাম করা গ্রহণযোগ্য। মনে রাখবেন, অনেক বিক্রেতার আয় পর্যটনের ওপর নির্ভরশীল। তাই তাদের পণ্য ও শ্রমের মূল্যকে সম্মান করুন। ৭. উপযুক্ত পোশাক পরুন প্রতিটি দেশের পোশাক-সংক্রান্ত কিছু সামাজিক নিয়ম থাকে। আপনার নিজস্ব স্টাইল বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখানো জরুরি। অনেক ধর্মীয় স্থান বা ঐতিহাসিক স্থানে নির্দিষ্ট পোশাকবিধি থাকে। সেগুলো মেনে না চললে অনেক সময় প্রবেশের অনুমতি নাও মিলতে পারে। ৮. ছবি তোলার আগে অনুমতি নিন আজকাল মোবাইল ফোনের কারণে ছবি তোলা খুব সহজ হয়ে গেছে। তবে অপরিচিত মানুষের ছবি তোলার আগে অবশ্যই তাদের অনুমতি নেওয়া উচিত। অনেক জায়গায় ফ্ল্যাশ ফটোগ্রাফি নিষিদ্ধ থাকে, আবার কিছু কিছু সংস্কৃতির মানুষ ছবি তোলা পছন্দ করেন না। তাই আগে থেকেই নিয়মগুলো জেনে নেওয়া ভালো। ৯. ধৈর্য ধরুন ভ্রমণের সময় আমরা প্রায়ই স্বল্প সময়ে অনেক কিছু দেখার চেষ্টা করি। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে অন্যদের প্রতি অসৌজন্য দেখানো ঠিক নয়। জনাকীর্ণ জায়গায় ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। অন্যদের সময় ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো একজন ভালো ভ্রমণকারীর লক্ষণ। ১০. একজন ভালো মানুষ হোন সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন ভালো মানুষ হতে হবে। ভ্রমণের সময় আপনি শুধু নিজেকে নয়, নিজের সংস্কৃতিকেও প্রতিনিধিত্ব করেন। তাই — স্থানীয় রাজনীতি নিয়ে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না অন্যের সংস্কৃতিকে হেয় করবেন না পরিবেশ নষ্ট করবেন না ময়লা ফেলবেন না জায়গাটিকে আগের চেয়ে খারাপ অবস্থায় রেখে আসবেন না ভ্রমণের মূল লক্ষ্য হওয়া উচিত নতুন সংস্কৃতিকে জানা, সম্মান করা এবং ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করা। সূত্র: গিকগার্ল ট্র্যাভেল আরএমডি

Share this post: