TheBangladeshTime

বাসায় মজুত রেখে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

2026-03-15 - 11:44

বরগুনায় বাসায় মজুত রেখে নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ৩০-৪০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রি করতে গিয়ে এনএসআইয়ের হাতে ধরা পড়েছেন মো. আবুল বাসার (৪৮) নামে এক ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়। রোববার (১৫ মার্চ) বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন খেজুরতলা এলাকায় ফাহিম স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান সংলগ্ন মালিকের বাড়িতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক সময়ে বরগুনার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই সদস্যরা গোপনে নজরদারি শুরু করেন। নজরদারির এক পর্যায়ে তারা দেখতে পান, গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় ব্যবসায়ী আবুল বাসার তার দোকানে পেট্রোল না রেখে পেছনের একটি বাড়িতে পেট্রোল মজুত করে সেখান থেকে গোপনে ক্রেতাদের কাছে লিটার প্রতি ৩০-৪০ টাকা বেশি দামে বিক্রি করছিলেন। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন অনুযায়ী ব্যবসায়ী মো. আবুল বাসারকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেল নিয়ে একটি কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এ সুযোগ কাজে লাগিয়ে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। আসা করি বরগুনায় কোনো সংকট তৈরি হবে না। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা করেন, তাহলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। বরগুনাবাসীর স্বস্তি নিশ্চিত করতে এবং জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস

Share this post: