TheBangladeshTime

সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়, বিভিন্ন রুটে গাড়ি সংকট

2026-03-22 - 06:11

ঈদুল ফিতরের পরের দিনও রাজধানী থেকে বাড়ি ফিরছে মানুষ। রোববার (২২ মার্চ) সায়েদাবাদ বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে, চারদিকে যাত্রীর ভিড়। সেই তুলনায় গাড়ি খুবই কম। যাত্রীরা জানিয়েছেন, বরিশাল, সাতক্ষীরাসহ কয়েকটি রুটে গাড়ির সংকট রয়েছে। এই সুযোগে অন্য রুটের গাড়ি এসব রুটে অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচল করছে। যারা ঈদকেন্দ্রিক বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং যারা স্থায়ীভাবে ঢাকা এবং এর আশপাশে থাকেন কিন্তু গ্রামের বাড়ি অন্য কোথাও- মূলত এমন মানুষ আজ গ্রামে যাচ্ছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। উত্তর সায়েদাবাদে (ব্রিজ সংলগ্ন) গোল্ডেন লাইন, শ্যামলী পরিবহন, হানিফসহ কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। মোটকথা ঈদের পরের দিনও যাত্রীর পদচারণায় মুখর সায়েদাবাদ। আহনাফ তাহমিদ গাজীপুর থাকেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর। তিনি তামিরুল মিল্লাত মাদরাসা থেকে আলিম পাস করেছেন। সায়েদাবাদে ফ্লাইওভারের নিচে কথা হয় তার সঙ্গে। তাহমিদ বলেন, গাজীপুরে আমাদের বাড়ি আছে। ঈদ করে গ্রামের বাড়িতে যাব। এক মামার বিয়ে আছে। আমি একাই যাচ্ছি। কিন্তু সায়েদাবাদে এসে সাতক্ষীরার কোনো গাড়ি পাচ্ছি না। সবগুলো কাউন্টার থেকে বললো গাড়ি নেই, যেগুলো আছে সেগুলো খুলনায় যাচ্ছে। এখন ধোলাইপাড় গিয়ে দেখবো গাড়ি পাওয়া যায় কি না। হাবিবুর রহমান সপরিবারে বরিশাল শ্বশুরবাড়ি যাবেন। তিনি বলেন, মনে করলাম ঈদের পরের দিন ভিড় থাকবে না। এসে দেখি গাড়ির খুবই সংকট। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। দু-একটা বাস পাওয়া গেলেও ভাড়া প্রায় দ্বিগুণ চাচ্ছে। তিনি বলেন, নন-এসি গাড়ির বরিশালের ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা। কিন্তু সেখানে লক্কর-ঝক্কর গাড়িগুলোও ৭০০ থেকে ৮০০ টাকা নিচ্ছে। শাহেদ আলমের বাড়ি বরগুনায়। তিনি গুলিস্তানের একটি মার্কেটের বিক্রয়কর্মী। শাহেদ বলেন, পরিবার আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ঈদের পরের দিন এমন পরিস্থিতি হবে বুঝিনি। যাত্রী আর যাত্রী, গাড়ি নেই। দেখি কী করা যায়। সায়েদাবাদে মেইন রোডের ধারে রেললাইনের পূর্বপাশের অংশ থেকে কুমিল্লা এবং সিলেটের উদ্দেশ্যে বিভিন্ন পরিবহনের গাড়ি ছেড়ে যায়। এখানে সিলেট রুটে চলাচল করা মিতালী পরিবহনের কয়েকটি বাসের কর্মীদের বরিশালের যাত্রী ডাকতে দেখা গেছে। তারা ভাড়া নিচ্ছেন যাত্রীপ্রতি ৭০০ টাকা করে। মিতালী পরিবহনের একজন কর্মী বলেন, সিলেটে যাত্রী কম গাড়ি বেশি। তাই আমরা বরিশালে যাচ্ছি। এ রুটে যাত্রী বেশি। কয়েকটি রুটে গাড়ি সংকটের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেসরকারি চাকরিজীবীরা সোমবার থেকে অফিস শুরু করবেন। যেসব যাত্রী ঈদে বাড়ি গেছেন তাদের আনতে বেশিরভাগ গাড়ি বিভিন্ন জায়গায় চলে গেছে। অন্যদিকে যাত্রী হঠাৎ করে বেশি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম রুটে চলাচল করা লোকাল কিছু বাসও বরিশালে যাত্রী পরিবহন করছিল। এমন একটি বাসের কর্মী আবু জাফর যাত্রী ডাকছিলেন। তিনি বলেন, আমাগো রুটে যাত্রী কম। তাই বরিশালে ট্রিপ মারবো। বরিশালের যাত্রীপ্রতি ভাড়া ৭০০ টাকা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এবার ঈদে সাত দিনের টানা সরকারি ছুটি শেষ হবে সোমবার (২৩ মার্চ)। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস করবেন সরকারি চাকরিজীবীরা। আরএমএম/বিএ

Share this post: