TheBangladeshTime

ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

2026-03-21 - 14:10

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে জাহেদ হোসেন ঠাকুর (চয়ন) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা। জাহেদ হোসেন ঠাকুর উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে। স্থানীয়রা জানায়, জাহেদ একটি হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রয়েছেন। শনিবার ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) ইন্তেকাল করেন। এই অবস্থায় বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে পরিবারের পক্ষে থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে জাহেদ হোসেন ঠাকুরকে বেলা দুইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তির অনুমোদন দেয় এডিএম। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বাবার জানাজায় অংশ নিতে এক আসামিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে

Share this post: