ঢাকা দক্ষিণে চাঁদাবাজি সহ্য করা হবে না: আব্দুস সালাম
2026-03-09 - 10:34
ঢাকা দক্ষিণে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কড়া নির্দেশনা রয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের (কমিউনিটি সেন্টার) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ডিএসসিসি প্রশাসক বলেন, বাসা-বাড়ি থেকে গৃহস্থালির বর্জ্য অপসারণের দায়িত্ব সিটি করপোরেশনের। কাজটি পরিচালনায় দরপত্রের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। এমএমএ/এমআইএইচএস