TheBangladeshTime

ওয়ানডেতে ব্যর্থতার জন্য ঘরোয়া ক্রিকেটের মানকে দায়ী করলেন ফাহিম

2026-03-06 - 15:14

বাকি দুই ফরম্যাটে যাই হোক এক-দেড় বছর আগেও ওয়ানডেতে বাংলাদেশ যে কোনো দলকেই হারিয়ে দিতো। কিন্তু পছন্দের সেই ফরম্যাটেই সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। এমনকি ওয়ানডেতে এখন বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বর দল। শেষ ১০ ম্যাচের মধ্যে সাতটাতে ৫০ ওভারও খেলতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল, জয় মাত্র ৩ ম্যাচে। ওয়ানডেতে লাগাতার ব্যর্থ হওয়ার পিছনে ঘরোয়া ক্রিকেটের মানকে দায়ী করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের অনুশীলনের প্রথম দিন দেখতে এসে সাংবাদিকের মুখোমুখি হন ফাহিম। সেখানে ওয়ানডে ব্যর্থতার প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় সারপ্রাইজিংলি ৫০ ওভারের খেলায় আমরা অতটা ভালো করতে পারিনি কিন্তু ২০ ওভারের খেলায় কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য রেজাল্ট আমাদের হয়েছে গত এক বছর যদি বলি, ওয়ানডেতে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট ফরম্যাটে আমরা যেখানে খেলি সেখানে আমার মনে হয় যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি। ৫০ ওভারের যেই প্রতিযোগিতামূলক খেলা মিনিমাম হওয়ার কথা ছিল যেটাতে আমরা সবসময় অভ্যস্ত ছিলাম আমাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেটে সেটার মানটা কিন্তু নিম্নমুখী ছিল। সেটা একটা কারণ। আমি মনে হয় সেটা একটা কারণ বলবো না, সেটা একটা বড় কারণ।’ তবে ঘরোয়া ক্রিকেটে মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান ফাহিম, ‘সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আমাদের এবার আছে। রিসেন্টলি আমরা যে বিসিএল খেলেছি, আমাদের চেষ্টা আছে যে এটার মানসম্পূর্ণ লোকাল ডোমেস্টিক ক্রিকেট খেলার যেখানে খেলোয়াড়রা মোটামুটি আন্তর্জাতিক মানের ফ্লেভার পাবে এবং সেটা নিয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে। আশা করছি যে এটা একটা আপওয়ার্ড গ্রাফ এখন আছে এই মুহূর্তে ৫০ ওভারের এটা আমরা যদি ধরে রাখতে পারি এ সিরিজে আমরা ভালো করবো।’ পাকিস্তান এবার ৬ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে। এত নতুন খেলোয়াড় আসলেও সিরিজটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করেন ফাহিক। তিনি বলেন,‘ইন্টারন্যাশনাল ম্যাচ সবসময় খুবই কম্পিটিটিভ। এখানে মানে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে, তারা নিশ্চয়ই যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চাইতে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে সে কারণেই তারা তাদেরকে চুজ করেছে। আমার ধারণা তাই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউই চাইবে না দুর্বল শক্তির একটা দল পাঠাতে এবং এবং বেস্ট পারফরম্যান্স আদায় না করার মতো একটা দল পাঠাতে।’ এসকেডি/আইএন

Share this post: