ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস যুবকের
2026-03-20 - 03:10
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ি এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে বিমের সঙ্গে গলায় ফাঁস দেন মর্তুজা। লাইভ চলাকালে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, ওই যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া নেওয়া হয়। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমআরএএইচ/এমকেআর