TheBangladeshTime

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু

2026-03-17 - 16:30

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবারের (১৭ মার্চ) মধ্যেই আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজই আইসিইউ চালু হলো। সম্প্রতি দেশে হঠাৎ করে হাম (মিজলস) রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বেডের তুলনায় অতিরিক্ত রোগী হওয়ায় অনেককে মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। এরই মধ্যে গুরুতর অসুস্থ এক শিশুর মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী মধ্যরাতে হাসপাতালে যান। পরিদর্শনকালে তিনি বলেন, সুযোগ-সুবিধার কিছু সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসা প্রদানে কোনো অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের আওতায় গ্লোবাল ফান্ডের সহায়তায় স্থাপিত আইসিইউটি বন্ধ ছিল। দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এটি চালু করার নির্দেশ দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) এবং একজন অ্যানেস্থেটিস্টকে হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত করে পাঁচ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয়েছে, যা এখন জরুরি রোগীদের সেবা দিতে সক্ষম। এদিকে হাসপাতালটি মাত্র ১০০ শয্যার হওয়ায় এবং এখানে হাম ছাড়াও জলাতঙ্ক, এইডস, টিটেনাসসহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা দেওয়া হয়—এই বিবেচনায় পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের জন্য একটি পৃথক ইউনিট চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। এসইউজে/এমএমকে

Share this post: