TheBangladeshTime

বগুড়ায় কিশোর আলিফ হত্যার প্রধান আসামি রাশেদ গ্রেফতার

2026-02-17 - 02:46

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় কিশোর আলিফ (১৬) হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ডিম পোচ রাশেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদ হোসেন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও ঘটনার সময় তার পরনে থাকা পোশাক উদ্ধার করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় বাবার গ্যারেজ থেকে আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিশোর আলিফের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাস্থান এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গত কয়েক দিনে বগুড়ায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে আলিফ হত্যা মামলাটি ছিল অন্যতম আলোচিত। এই মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও বাকি ঘটনাগুলোর তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এলবি/এনএইচআর/জেআইএম

Share this post: