বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য-আন্তরিকতায় কাজ করতে চাই: ফখরুল
2026-02-17 - 08:16
জাতীয় সংসদকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় সরকারি দল কাজ করবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি, এ সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। সবকিছু সংসদকেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ঈপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সেটা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে।’ এবারের সংসদ কতটা কার্যকর হবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এ সংসদ নিঃসন্দেহে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে। সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন।’ বিরোধী দলীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের সঙ্গে সরকারি দল কীভাবে কাজ করবে- সাংবাদিকদের এমন জিজ্ঞাসার জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের কথা। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই।’ এএএইচ/একিউএফ