কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
2026-03-22 - 02:30
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী তিন কর্ম দিবসের মধ্যে কমিটি দুটিকে দুর্ঘটনার কারণ জানাতে বলা হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৭টায় রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় ৬ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে এবং জোনাল কমিটির ৬ সদস্যের প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে। বিভাগীয় তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. রেজওয়ান-উল-ইসলাম,বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল অফিসার ডা. তাহামিনা ইয়াছমিন ও কমান্ড্যান্ট ও আরএনবি মো. শহীদ উল্লাহ। জোনাল তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগ্যিাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামছ তুষার, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ ও চিফ কমান্ড্যান্ট আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া বলেন, দুই তদন্ত কমিটিকে বলা হয়েছে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ অন্তত ১২ জন মারা যান। জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম