কাতারের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ
2026-03-05 - 09:34
কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেগুলোকে আটকানোর চেষ্টা করছে। এর আগে ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসির। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দুই ঘণ্টায় ইসরায়েলে তিনটি সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি ইমারজেন্সি সার্ভিসেস এজেন্সির বরাত দিয়ে এই সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার (৪ মার্চ) তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমার ওপর পূর্ণ ও অপ্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তার ভাষায়, ইরান মার্কিন সামরিক শক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে না ও তাদের সামরিক সক্ষমতা প্রতি ঘণ্টায় ক্ষয় হয়ে যাচ্ছে। হেগসেথ বলেন, আমরা চার সপ্তাহ বলতে পারি, কিন্তু তা ছয়ও হতে পারে, আটও হতে পারে; এমনকি তিন সপ্তাহ পর্যন্তও চলতে পারে। শেষ পর্যন্ত গতি ও সময়সীমা আমরা নির্ধারণ করবো। সূত্র: আল-জাজিরা এমএসএম