পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
2026-03-09 - 03:24
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারতের পর আবেগঘন পরিবেশে সময় কাটালেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নিজ জন্মভূমি কমলগঞ্জে পা রাখেন তিনি। রোববার সন্ধ্যায় উবাহাটা গ্রামে পৌঁছেই মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তার প্রয়াত দাদা ও দাদির কবর জিয়ারত করেন। মোনাজাতে তিনি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৈশবের স্মৃতিবিজড়িত ভিটায় সময় কাটান। এসময় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন। কমলগঞ্জে আসার আগে মন্ত্রী মৌলভীবাজার সদরে যাত্রাবিরতি করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। প্রবীণ এই রাজনীতিবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও উন্নয়নের কথা স্মরণ করেন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উবাহাটা গ্রামসহ পুরো কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে গ্রামবাসী ও স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রী এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই মাটি ও মানুষের টানেই বারবার ফিরে আসি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার ঋণ শোধ করার সর্বোচ্চ চেষ্টা করবো। এম ইসলাম/এফএ/জেআইএম