TheBangladeshTime

এনডিপি নেতার বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ, ভিত্তিহীন দাবি অভিযুক্তের

2026-03-25 - 02:51

বগুড়ায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (এনডিপি) এক নেতার বিরুদ্ধে অস্ত্রের মুখে এক যুবকের প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) রাতে শহরের এসপি বাংলোর সামনে এই ঘটনা ঘটে বলে থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্ত নেতার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী যুবক মো. নাহিয়ান ইসলামের বাবা মো. সিরাজুল ইসলাম মঙ্গলবার বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে এনডিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান এবং মো. নিলয়সহ অজ্ঞাতপরিচয়ে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে নাহিয়ান ইসলাম তার সাদা রঙের প্রাইভেট কারটি নিয়ে সাবগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে এসপি বাংলোর সামনে পৌঁছালে শওকত ইমরান ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িটি থামান। এরপর নাহিয়ানকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা গাড়িটি নিয়ে চলে যান। ছিনতাই হওয়া গাড়িটির আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে শওকত ইমরান বলেন, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। আমি তাদের কাছে টাকা পাই। সেই টাকা নিয়ে কথা বলতে গেলে তারা উল্টো আমাকে নাজেহাল করে এবং আমার মোটরসাইকেল নিয়ে যায়। পরে আমার স্বজনেরা গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে আনেন। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে ফাঁসাতে এবং পাওনা টাকা না দেওয়ার জন্য এই নাটক সাজানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে সত্য বেরিয়ে আসবে বলেও তিনি জানান। এ বিষয়ে এনডিপি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এম এস মাহমুদ আশরাফ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করছি। মূল ঘটনা জানার চেষ্টা চলছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম বলেন, গাড়ি ছিনতাইয়ের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এল.বি/কেএইচকে/এমএস

Share this post: