TheBangladeshTime

মার্কিন সেনাবাহিনীর শীর্ষ উপদেষ্টাকে অপসারণের কারণ কী?

2026-02-18 - 07:44

মার্কিন সেনাবাহিনীর শীর্ষ উপদেষ্টাকে অপসারণের নির্দেশ দিয়েছেন পেন্টাগনের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হেগসেথ গত সপ্তাহে পেন্টাগনে এক বৈঠকে আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকলকে কর্নেল ডেভিড বাটলারকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। তবে কেন হেগসেথ বাটলারের বিষয়ে আপত্তি তুলেছেন এবং অপসারণের নির্দেশ দিয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এদিকে বাটলার ব্রিগেডিয়ার জেনারেল পদে (প্রথম ‘স্টার’) উন্নীত হওয়ার স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ছিলেন। প্রতিবেদনগুলোতে বলা হয়, দক্ষ ৩০ জনের বেশি সেনা কর্মকর্তার মধ্যে একজন ছিলেন বাটলার। তবে হেগসেথ তালিকার কয়েকটি নাম নিয়ে আপত্তি তোলায় পদোন্নতির প্রক্রিয়া কয়েক সপ্তাহ ধরে স্থগিত রয়েছে। এমন পরিস্থিতির প্রেক্ষিতে অন্য কর্মকর্তাদের পদোন্নতির পথ সুগম করতে বাটলার পদোন্নতির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। এছাড়া তিনি অবসর গ্রহণের আবেদন করেছেন বলে জানা গেছে। ড্যানিয়েল ড্রিসকলকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আমরা কর্নেল ডেভ বাটলারের আজীবন সেবার জন্য গভীর কৃতজ্ঞ। তিনি সেনাবাহিনীর রূপান্তর প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ২৮ বছরের সেবার পর তার আসন্ন অবসরে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। সূত্র: সিএনএন কেএম

Share this post: