TheBangladeshTime

নিরাপদ পরিবহন নিশ্চিতসহ ছয় দফা দাবি জানালো ‘মঞ্চ ২৪’

2026-03-27 - 14:31

সড়ক ও নৌপথে নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতসহ ছয় দফা দাবি উত্থাপন করেছে মঞ্চ ২৪। সেই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ পরিবহন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী দাবিগুলো তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন খাতে চরম অব্যবস্থাপনার কারণে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। দৌলতদিয়াসহ নানা এলাকায় সম্প্রতি ২০টিরও বেশি বড় দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। এসব ঘটনাকে তিনি নিছক দুর্ঘটনা নয়, বরং অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফল হিসেবে উল্লেখ করেন। ফাহিম ফারুকী অভিযোগ করেন, প্রাণহানির ঘটনার পর সরকার মাত্র ২৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে। মানুষের জীবনের মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সমন্বিত ও মানবিক উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শরিফ ওসমান হাদি হত্যা প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেফতার একটি ইতিবাচক দিক হলেও তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা উদ্বেগজনক। এসময় সংগঠনটির উপদেষ্টা ফেরদৌস আজিজ বলেন, হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে- হাদি হত্যার অভিযুক্তদের ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা, একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছে এবং কারা তাদের সহায়তা করেছে তা তদন্ত করে সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও গ্রেফতার। এছাড়া, ভারতে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) কারণে বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয়, সে জন্য একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা একটি রোডম্যাপ ঘোষণার দাবিও জানায় মঞ্চ ২৪। এফএআর/একিউএফ

Share this post: